সাগর-রুনি হত্যার তদন্ত কি অনন্তকাল চলবে :হাইকোর্ট

হাইকোর্ট বলেছে, দীর্ঘ আট বছর ধরে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চলছে। এখনো তদন্ত শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে, নাকি অনন্তকাল পর্যন্ত তদন্ত চলবে? বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার তদন্ত কর্মকর্তার উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

তলব আদেশে গতকাল হাইকোর্টে কেস ডকেটসহ (সিডি) হাজির হন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম। তিনি আদালতকে বলেন, এ মামলায় এখনো কোন ক্লু খুঁজে পাওয়া যায়নি। ডিএনএ টেস্টের চারটি রিপোর্ট নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এর মধ্যে পাওয়া দুটি নমুনার সঙ্গে আসামিদের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া       যায়নি। অপর দুটি নমুনা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ রয়েছে। আদালত বলেন, এই মামলার জব্দকৃত আলামত হিসেবে কী পেয়েছেন? তদন্ত কর্মকর্তা বলেন, কয়েকটি ছোরা, দা, বঁটি পেয়েছি। তবে রিপোর্ট না আসায় কারো সঙ্গে মিল পাওয়া যায়নি। আসামি তানভীরের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, এখন পর্যন্ত সাত জন তদন্ত কর্মকর্তার পরিবর্তন হয়েছে। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি নেই।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী বলেন, তদন্ত সম্পন্নের জন্য সময়সীমা বেঁধে দিতে পারে আদালত। আদালত বলেন, আট বছরেও তদন্ত শেষ হয়নি। আর এখন সময় বেঁধে দিলে তদন্ত শেষ হবে? এরপরই হাইকোর্ট তানভীরের বিষয়ে মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুলের ওপর বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করে দেয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি। রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলার তদন্তভার যায় শেরেবাংলা নগর থানায়। পরে গোয়েন্দা পুলিশের ওপর। এরপর হাইকোর্টের আদেশে তদন্ত পায় র্যাব। এখন পর্যন্ত ৬৮ বার সময় নেওয়া হয়েছে আদালত থেকে। কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেনি তদন্ত কর্মকর্তা। আগামী ১৪ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে সময় দিয়েছেন মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।