মায়ের কোল হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান শিশুর জন্য। সেই মায়ের কোল থেকে চুরি করে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে শিশুকে। অসহায় মা পাগলের মতো চিত্কার করে তার কোলের ধনকে খুঁজেছেন। পরে পুলিশ শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে চুরি করে সাদ্দাম হোসেন (৬) নামের শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর রবিবার রাত ১০টার দিকে পুলিশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে একটি বহুতল ভবনের সামনে থেকে বস্তার ভেতর তোষক দিয়ে মোড়ানো অবস্থায় ঐ শিশুর লাশটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্ত শেষে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শনিবার রাতে বৈরী আবহাওয়ার মধ্যে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় শিশুটি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। ঐ সময়ই তাকে মায়ের কোল থেকে কৌশলে চুরি করে অন্য কোথাও নিয়ে হত্যা করা হয়। এরপর রবিবার রাতে পল্টনে অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে শিশুটির লাশ উদ্ধার হয়। ওসি বলেন, কী কারণে শিশুটিকে হত্যা করা হয় তা এখনো পরিষ্কার নয়। তদন্ত চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশু সাদ্দামের বাবার নাম সাগর শেখ। তিনি বর্তমানে জেলে রয়েছেন। মা ঝর্ণা বেগম গুলিস্তান এলাকায় ভবঘুরে জীপনযাপন করেন। ঝর্ণা জানান, কোথাও থাকার জায়গা না থাকায় তিনি ছেলে সাদ্দামকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। মানুষের কাছ থেকে দুই-চার টাকা নিয়ে চলতেন। গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় (তিন নম্বর গেটে) থাকতেন। শনিবার রাত ১০টা থেকে সন্তানকে না পেয়ে নির্ঘুম রাত কাটান। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম অজ্ঞাতপরিচয় কয়েক জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেছেন। ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা কেউই শিশুটি হত্যার দায় স্বীকার করেনি।
এদিকে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মাথার ডান পাশের কানের কাছে কিছুটা থেঁতলানো ও গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটতে পারে।