জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ইশতিয়াক দম্পতির বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. ইশতিয়াক ও তার স্ত্রী পাখির বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করেছেন। উল্লেখ্য, গত ২৩ জুলাই মাদকদ্রব্য অধিদপ্তরের তালিকাভুক্ত আলোচিত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ইশতিয়াক ও তার স্ত্রী পাখির সম্পদের হিসাব চেয়ে নোটিশ ইস্যু করে দুদক। ইশতিয়াক পরিবহন ব্যবসায়ী হলেও প্রকৃত অর্থে তিনি ইয়াবা ব্যবসায়ী। মোহাম্মদপুর থানায়ই রয়েছে তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ ১২ থেকে ১৫টি মামলা। পুলিশের খাতায়ও তিনি পলাতক।

দুদক সূত্র জানায়, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত আদেশ মোতাবেক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হলেও ইশতিয়াক ও তার স্ত্রী পাখি সম্পদ বিবরণী দাখিল না করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাছাড়া ইশতিয়াক জ্ঞাত আয় উত্স বহির্ভূত অবৈধ অর্থের দ্বারা নিজ নামে শুধু জমি ক্রয় বাবদ ২৭ লাখ টাকা, বাইপাইল মৌজার ৪ শতাংশ ভূমি ও তার ওপর ছয় তলাবিশিষ্ট ভবন ও জমির অর্ধেক, ৪ দশমিক ৭০ শতাংশ ভূমির ওপর নির্মিত এক তলাবিশিষ্ট একটি বিল্ডিং, ৮ দশমিক ২৮৩ শতাংশ জমির ওপর নির্মিত সাত তলাবিশিষ্ট একটি ভবন (যার অর্ধেক অংশ) অর্জন করে তা দখলে রেখেছে।