গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ ভারতের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গতকাল সকালে শ্বাসকষ্ট নিয়ে ঘুম ভাঙে তার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতাও বাড়ে। স্থানীয় সময় দুপুর ২টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ৯০ বছর বয়সি লতা মঙ্গেশকরকে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

দ্য হিন্দু জানিয়েছিল, সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই-উদওয়াড়িয়ার তত্ত্বাবধানে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল গায়িকাকে। বিকালে এক ঘনিষ্ঠ আত্মীয়কে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানায়, অনেকটাই সুস্থ রয়েছেন লতা। তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন মিডিয়ার রিপোর্ট, হাসপাতালেই আছেন লতা। সেখানে তাকে দেখতেও গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। পরস্পরবিরোধী এই রিপোর্টে বিভ্রান্তি তৈরি হয়।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে লতা মঙ্গেশকরের এক আত্মীয় রচনা শাহ বলেন, ভাইরাস সংক্রমণ নিয়ে রবিবার মধ্য রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন গায়িকা। ভালো আছেন তিনি। তবে হাসপাতাল থেকে ফিরিয়ে আনা নিয়ে কিছু বলেননি তিনি। গত ২০ সেপ্টেম্বরই ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। ভারতীয় সংগীত দুনিয়ায় লতা মঙ্গেশকরের অবদান অবিস্মরণীয়। হিন্দি-বাংলা-মারাঠি ছাড়াও আরো বহু ভাষায় অসংখ্য ছবির গান এবং আধুনিক গান রয়েছে তার ঝুলিতে। হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। ১৯২৯ সালে এক সাংগীতিক পরিবারে জন্ম হয় লতার। বাবা কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী পন্ডিত দীনানাথ মঙ্গেশকর। বাবার কাছেই ছোটোবেলায় নাড়া বাঁধেন তিনি। পাঁচ ভাই-বোনের মধ্যে লতাই সবচেয়ে বড়। বোন আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, হূদয়নাথ মঙ্গেশকরও গানের দুনিয়ার বিশিষ্ট শিল্পী।