বাংলাদেশের এক লেখকের বই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজ ২০১৯’-এর মনোনয়ন পেয়েছে। অথচ তা দেখার জন্য লেখক বেঁচে নেই। অকালপ্রয়াত এই লেখকের বই যখন সবার প্রশংসা কুড়াচ্ছে, তখন তার ঘনিষ্ঠরা পুড়ছেন শোকে। একজন সম্ভাবনাময় লেখকের অকালপ্রয়াণের দুঃখ ভুলতে পারছেন না। ‘বাবু বাংলাদেশ’ বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান হারপার কলিন্স।
বাংলাদেশি লেখক, সাহিত্যের ছাত্র ও গবেষক ড. নুমাইর আতিফ চৌধুরীর লেখা প্রথম উপন্যাস ‘বাবু বাংলাদেশ’ প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। তবে দুঃখজনক, বইটি প্রকাশের আগেই ২০১৮ সালের সেপ্টেম্বরে জাপানের কিয়োটো নদীতে ডুবে অকালে প্রাণ হারান সম্ভাবনাময়ী এই লেখক। ইংরেজি ভাষায় রচিত বইটি লেখকের দীর্ঘ ১৫ বছর যাবত্ সাধনার ফসল। কিন্তু বইটির ফাইনাল ড্রাফট শেষ করতে না করতেই জাপানে একটি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন এই লেখক। বিশাল ক্যানভাসে লেখা বইটি বিশ্বদরবারে বাংলাদশেরে নাম উজ্জ্বল করেছে প্রকাশের পর থেকেই।
গতকাল সোমবার প্রয়াত নুমাইর আতিফ চৌধুরী রচিত উপন্যাস ‘বাবু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন এবং বইটি নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, লেখক ও অনুবাদক অধ্যাপক ড. ফখরুল আলম ও লেখক অধ্যাপক ড. রাজিয়া সুলতানা খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও নুমাইর আতিফ চৌধুরীর মা লুবনা চৌধুরী।