ট্রাম্পকে দুবল করার পরামর্শ দিয়েছিলেন হোয়াইট হাউজের সাবেক দুই সহযোগী

জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্সে টিলারসন এবং হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ জন কেলি তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু দাবির বিষয়ে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছিলেন। তারা প্রেসিডেন্টকে দুর্বল করার পরামর্শ দিয়েছিলেন। তারা বলেছিলেন, তারা আমেরিকার স্বার্থে কাজ করছেন। কিন্তু হ্যালি তাদের এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছিলেন, এটা বিপজ্জনক এবং আক্রমণাত্মক। হ্যালি তার নতুন বইয়ে এক লেখায় এসব দাবি করেছেন। আজ মঙ্গলবার বইটি প্রকাশিত হওয়ার কথা। তবে এর আগে ওয়াশিংটন পোস্টে বইটির কিছু অংশ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে টিলারসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে কেলি সিবিএস নিউজকে জানিয়েছেন, তিনি আসলে এভাবে বলেননি। তিনি বলতে চেয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে যেন তিনি যে কোনো বিষয়ে বিস্তারিত তথ্য দেন। এতে প্রেসিডেন্ট বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প হ্যালির প্রশংসা করেছেন। -বিবিসি