অযোধ্যার জমি বিতর্কে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে শনিবার। কবে থেকে রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। জানা গেছে, যাতে আগামী বছর মকর সংক্রান্তি তিথি থেকেই মন্দির নির্মাণের কাজ শুরু হতে পারে সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মন্দির নির্মাণের জন্য দ্রুত ট্রাস্ট গঠন করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এবার মন্দিরের নতুন করে কোনও শিলান্যাস হবে না। এক সরকারি কমকর্তা জানান, এমন প্রকল্প শুরুর জন্য সংক্রান্তি একটি শুভ দিন এবং আশা করি, এর আগেই সরকার সব প্রক্রিয়া শেষ করবে। আগামী বছর মকর সংক্রান্তি পড়ছে ১৫ জানুয়ারি। এদিকে শীর্ষ আদালতের রায় অনুযায়ী ৫ একর জমি নেওয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৬ নভেম্বর বৈঠকে বসছে সুন্নি ওয়াকফ বোর্ড। - আনন্দবাজার পত্রিকা