চিকিত্সার জন্য নওয়াজের বিদেশযাত্রা স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চিকিত্সার জন্য বিদেশযাত্রা স্থগিত করা হয়েছে। এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) তার নাম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার এজন্য জাতীয় জবাবদিহিতা ব্যুরোকে (এনএবি) দোষারোপ করেছে। আর ব্যুরো দায় চাপাচ্ছে সরকারের ওপর। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দেওয়া এক প্রতিবেদনে ব্যুরো জানিয়েছে, তালিকা থেকে নাম দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা সরকারের। আর সরকারের মুখপাত্র ড. ফিরদৌস আশিক বলেছেন, এনএবি’র সুপারিশের ভিত্তিতেই ইসিএল থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শুক্রবার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিত্সার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয় তার পরিবার। সোমবার পাকিস্তান থেকে কাতারের রাজধানী দোহা হয়ে নওয়াজ শরিফের লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাত্ বিদেশযাত্রা স্থগিত হয়ে যায়। -ডন