লকার ভেঙে বেনা‌পোল কাস্টমসে চুরি, পরিদর্শকসহ ৫ জন বরখাস্ত

বেনা‌পোল কাস্টস হাউজেরর গোপনীয় লকার ভে‌ঙে স্বর্ণ, ডলার ও মূল্যবান কাগজপত্র চু‌রি হবার ঘটনায় একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) এবং পাঁচজন সিপাহীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকাল ১০টায় অফিস খোলার পর ওই লকারের তালা ভাঙা দেখতে পায় কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটি থাকায় কখন কোনদিন এ পণ্য চুরি হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
 
সূত্র জানায়, বেনাপোল কাস্টমস হাউজেরর পুরাতন ভব‌নের দ্বিতীয়তলায় গোপনীয় লকারের এক‌টি কক্ষ রয়ে‌ছে।‌ সেই ক‌ক্ষে প্রবেশ করার আগে সংঘবদ্ধ চোরচক্র সি‌সি ক্যা‌মেরার তার কে‌টে দেয়। এরপর সেখান থে‌কে স্বর্ণ, ডলারসহ মূল্যবান সামগ্রি নি‌য়ে যায়। তবে কী পরিমাণ পণ্য খোয়া গেছে তার সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, এআরও জিএম আশরাফ, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান প্রমুখ।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম সোমবার রাত সাড়ে ১১টায় মোবাইলে ইত্তেফাককে জানান, দায়িত্বে অবহেলার কারণে সহকারি রাজস্ব কর্মকর্তা (পরিদর্শক) শহীদুল সরদার এবং ৫ জন সিপাহীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে কী পরিমাণ অর্থ সম্পদ খোয়া গেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। খতিয়ানের হিসাব মিলিয়ে আমরা বিস্তারিত জানাতে পারব।

ইত্তেফাক/এএম