পিতা হত্যার ঘটনায় ঘাতক পুত্রকে আটক করে পুলিশে দিল জনতা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় লোহার রড দিয়ে পিতার মাথায় আঘাত করে হত্যার পর পালিয়ে যাওয়া মাদকাসক্ত পুত্র তরিকুল ইসলাম হৃদয়কে (২০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড় কৈবর্তখালি এলাকা থেকে উপস্থিত জনতা তাকে আটক করে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেয়। 

গ্রাম পুলিশ লাল মিয়া ওরফে লালু দফাদারের উপস্থিতিতে ঘাতক পুত্র তরিকুল ইসলাম হৃদয়কে বেঁধে ফেলে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে রাজাপুর থানায় নিয়ে আসে। 

গ্রেফতারকৃত হৃদয় উপজেলার ছোট-কৈবর্তখালি গ্রামের ফকিরের হাট এলাকার দেলোয়ার হোসেনের (৪২) ছেলে। হত্যার ঘটনার পরে থেকে পলাতক ছিলো সে। 

আরও পড়ুন: নূর হোসেনের পরিবারের কাছে দুঃখ করলেন রাঙ্গা

উল্লেখ্য, গত শুক্রবার  (৮ নভেম্বর) রাত ৮টার দিকে হৃদয় নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে পিতা দেলোয়ার হোসেনকে রড দিয়ে আঘাত করে। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় আহত পিতাকে ফেলে রেখে পালিয়ে যায় । এরপর পরিবারের সদস্যরা আহত পিতাকে রাত পৌনে ১০টার দিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মধ্যরাতে সেখানে মৃত্যু বরণ করেন তিনি। 

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, গ্রেফতারকৃত হৃদয়ের দাদী কোহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে হৃদয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

 ইত্তেফাক/এএএম