গফরগাঁওয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে একটি নাশকতার মামলা করা হয়েছে। চরশাখচূড়া গ্রামের আহত আব্দুর রাশিদ মিয়ার ছেলে রুবেল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে পাগলা থানায় এ মামলাটি করেন। মামলায় আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অন্যতম আসামিরা হলেন- গফরগাঁও উপজেলা বিএনপি নেতা ও কেন্দ্রীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, মো. রতন, শাহাব উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসলাম মিয়া, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খোকন মিয়া, তৃণমূলদল নেতা মো. খলিল, ছাত্রদল নেতা আজাহার, কল্লোল মিয়া।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলার প্রতিবাদ

মামলায় এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে লাজিম সরকার মোড় হতে পালেরবাজার যাওয়া সড়কে ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম মোরশেদের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় উস্কানিমূলক বক্তব্য দানের সময় সড়কে যান চলাচলে বিঘ্ন  ঘটে। এ সময় স্থানীয় লোকজন ভোগান্তির প্রতিবাদ জানালে বিএনপির কর্মীরা রুবেল, নিজাম উদ্দিন, বাচ্চুকে মারপিট করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগে করে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর নেতাকর্মীদের প্রচারণায় বাধা দিতে এই মামলা দায়ের করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলছুর রহমান আকন্দ উচ্চ পর্যায়ের নির্দেশের অজুহাত দেখিয়ে কোন প্রকার বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেছেন।

ইত্তেফাক/বিএএফ