সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন তাম্মাত

  মেহেদী হাসান মুন্না

 

সাইকেল চালিয়ে সবচেয়ে কম সময়ে (১৫ দিনে) ৬৪ জেলা ভ্রমণ করে জাতীয় রেকর্ড গড়েছেন চট্টগ্রামের ছেলে তাম্মাত বিল খয়ের। এবং দেশের বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে ছাত্রীদের জন্য জরুরি স্যানেটারি ন্যাপকিন বাক্স রাখার বিষয়ে ভ্রমণকালে প্রচারণাও করেন তাম্মাত। দ্বিচক্রযানে ৬৪ জেলা ভ্রমণে তাম্মাতের এই অভিজ্ঞতা প্রথম নয়। এর আগে ২০১৭ সালের এপ্রিলে তাম্মাত ২৫ দিনে পুরো দেশ ভ্রমণ করে রেকর্ড করেছিলেন। তাম্মাত এবার নিজের সেই রেকর্ডটি ভাঙতে আবার ভ্রমণে বের হয়েছিলেন। এছাড়াও ২০১৮ সালে টেকনাফ থেকে তেঁতুলিয়া (২৪ দিন) সবচেয়ে কম সময়ে পায়ে হেঁটে রেকর্ডের মালিকও অদম্য এই বালক।

গত ২৫ অক্টোবর রাত ১২.৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে জাতীয় রেকর্ড গড়ার লক্ষ্যে রওয়ানা করেন তাম্মাত। লক্ষ্যে পৌঁছে যান ৮ নভেম্বর রাত ৯.২০ মিনিটে। ৬৪ জেলায় ৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে, দিনে গড়ে সাইকেল চালিয়েছেন ২৪০-৩০০ কিলোমিটার। দৈনিক রাইডিং করেছে ১৪-১৮ ঘণ্টার মত। মাঝে মাঝে একটানা ২৪ ঘণ্টা বা তার থেকে বেশি। সেসব থেকে কম সময়ে সাইকেলে ৬৪ জেলা দেখার রেকর্ড করেছে। আরো রেকর্ড করেছে কম সময়ে ১ হাজার কিলোমিটার, ২ হাজার কিলোমিটার এবং ৩ হাজার কিলোমিটার রাইডের।

তাম্মাত বিল খয়ের চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিষয়ে স্নাতক পড়ছেন। বাড়ি গোপালগঞ্জ হলেও জন্ম চট্টগ্রামে। বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। ছয় ভাই এক বোনের মধ্যে তাম্মাত সবার ছোটো।

পরিবার থেকে তাম্মাতকে সাইকেলে দেশ ভ্রমণের বিষয়ে যথেষ্ট সহযোগিতা দেওয়া হয় বলে জানান তাম্মাত। এবার তাম্মাত সাইকেল চালিয়ে দেশ ভ্রমণ করে রেকর্ড ও সচেতনতামূলক প্রচারও করেছেন।