বঙ্গমাতা
এশিয়ান
ভলিবল
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে গতকাল মঙ্গলবার নেপালের কাছে ৩-০ সেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল। তিন ম্যাচে এক জয় ও দুটিতে হারের কারণে ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায় স্বাগতিক মেয়েদের।
নেপাল ও মালদ্বীপ টানা তিনটি করে জয় নিয়ে এরই মধ্যে ফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
নেপাল কাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেট ২৫-৭, দ্বিতীয় সেট ২৫-৬ ও তৃতীয় সেট ২৫-৬ ব্যবধানে জিতে নেয়। ম্যাচ সেরার পুরস্কারও পান জয়ী নেপাল দলের খাদকা সুনিতা। টানা তিন জয়ে ফাইনালে উঠেছে নেপাল।
এদিন কোনো সেটেই দাঁড়াতে পারেনি কোচ গোলাম রসুল মেহেদীর দল। তার পরও কোচ জানিয়েছেন, তিনি খুশি। কোচ মেহেদী খুশির কারণ জানাতে গিয়ে বলেন, ‘আমার এই মেয়েরা নতুন। তাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। আন্তর্জাতিক কোনো ম্যাচ তারা খেলেনি। তার পরও আমরা এই টুর্নামেন্টে একটা পর্যায়ে এসেছি।’
তিনি আরো বলেন, ‘মেয়েরা মাঠে নামে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। বারবার চেষ্টা করেছি তাদের মনোবল ফিরিয়ে আনতে। যদি এরকম ম্যাচ মেয়েরা আরো খেলে, তাহলে নার্ভাসনেস কাটিয়ে উঠবে। আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে। সামনে এসএ গেমস আছে। আশা করি, সেখানে মেয়েদের খেলা আরো ভালো হবে।’
ভবিষ্যতের জন্য আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের মূল ঘাটতি অভিজ্ঞতা। এ ছাড়া নেপালের খেলোয়াড়রা পেশাদার। ওরা যেভাবে সার্ভিস করেছে, আমরাও ভালো সার্ভিস করেছি কিন্তু ওদের মতো হয়নি। তবে আমরা সবে শুরু করেছি। আশা করি সামনে ভালো করব।’
এদিকে গতকাল প্রতিযোগিতার চতুর্থ দিনের প্রথম খেলায় কিরগিজস্তান ৩-০ সেটে আফগানিস্তানকে হারায়। প্রথম সেট ২৫-০৬, দ্বিতীয় সেট ২৫-০৭ ও তৃতীয় সেট ২৫-১৫ পয়েন্ট জিতে কিরগিজস্তান। জয়ী দলের শুমকারবেকোভা আলিয়া সেরা খেলোয়াড় হয়েছেন।
কিরগিজস্তান আজ বেলা ৩টায় বাংলাদেশ দলের মুখোমুখি হবে। অপর খেলায় অংশ নেবে মালদ্বীপ ও নেপাল। আগামীকাল দুপুর ১টায় শুরু হবে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। এরপর বেলা ৩টায় শুরু হবে ফাইনাল।