স্পোর্টস ডেস্ক
কোচ য়ুর্গেন ক্লপ ও ফুটবলের অন্য শীর্ষ ব্যক্তিত্বরা খেলাটিতে বিদ্যমান ভিএআর (ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি) প্রযুক্তির উন্নতি ঘটাতে আহ্বান জানিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটিকে হারানোর একদিন পর এ পরামর্শ দেন লিভারপুল কোচ।
প্রিমিয়ার লিগের এ খেলাটিতেও ভিএআর প্রযুক্তি সমালোচিত হয়েছিল। সিটি খেলাটির শুরুর দিকেই লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের হ্যান্ডবলের কারণে পেনাল্টি দাবি করেছিল। কিন্তু ভিএআর প্রযুক্তি এ দাবিকে সমর্থন করেনি। পরে এ সিদ্ধান্তটি সমালোচিত হয়।
এ ঘটনার পর সুইজারল্যান্ডের নিয়তে উয়েফার কোচদের ফোরামের সভা অনুষ্ঠিত হয়। তাতে উত্তপ্ত বিষয় ছিল এই ভিএআর। এ সভায় উপস্থিত ছিলেন ক্লপ, তার প্রবল প্রতিদ্বন্দ্বী সিটি কোচ পেপ গার্দিওলা, রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও পিএসজি কোচ থমাস টুখেল।
ক্লপ এই ফোরামে বলেন, ‘এটা পরিষ্কার, এটা একটা প্রক্রিয়া যা তাদের আরো উন্নতি ঘটাতে হবে। এর উন্নতি ঘটানো সম্ভব, মানুষের দ্বারা আরো অনেক কিছুই করতে হবে এবং আমরাও শতভাগ ঠিক নেই। কিছু ভুল হতেই পারে, কেউ শতভাগ পরিপূর্ণতা চাইছে না, চাওয়াটা হলো সঠিক সিদ্ধান্তের।’
এ ব্যাপারে উয়েফার সহকারী সাধারণ সম্পাদক গিওর্গিও মার্চেত্তি বলেন, সর্বত্র একইরকম সিদ্ধান্ত হওয়া দরকার। তবে তিনি একই সঙ্গে নতুন ব্যবস্থা নেওয়ার আগে সময়ের প্রয়োজন বলে উল্লেখ করেন। তার মতে, ‘আমাদের এখন ভিএআর আছে। কোচ ও রেফারির প্রতিনিধিদের একসঙ্গে বলে কথা বলাটা খুবই দরকারি।’
তিনি আরো বলেন, ‘ভুলে যাওয়া উচিত নয় ভিএআর মাত্রই চালু হয়েছে এবং এটা হলো খেলাটিতে একটা বিপ্লব। আমাদের যা দরকার তা হলো সর্বত্র যেন একইরকম সিদ্ধান্ত হয়। কিছু বিষয় আছে যার আরো উন্নতি ঘটানো দরকার। তবে একই সঙ্গে ভিএআর যেসব ইতিবাচক দিক বয়ে আনছে সেগুলোর দিকেও তাকাতে হবে।’