স্পোর্টস ডেস্ক
দুয়ারে টেস্ট সিরিজ। এর আগে গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে নিজের ভাবনার কথা জানালেন রোহিত শর্মা।
তিনি বলেন, ‘গোলাপি বলের ক্রিকেট খেলার জন্য অনেক অভিজ্ঞতা দরকার। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এই অভিজ্ঞতা পেতে যাচ্ছি। আশাকরি, ভালো কিছুই অপেক্ষা করছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হলেও, ঘরোয়া ক্রিকেটে আগেও গোলাপি বলে খেলেছেন রোহিত। যদিও, সেবার ছয় নম্বরে ব্যাট করেছিলেন তিনি। রোহিত বলেন, ‘আমি দুলীপ ট্রফিতে একটা ম্যাচ খেলেছি গোলাপি বলে। তবে, সেই ম্যাচে আমি ছয় নম্বরে ব্যাট করেছি। এবার খেলতে হবে ওপেনিংয়ে।’
ইন্দোর টেস্ট শেষেই অনুষ্ঠিত হবে সেই বহুল আলোচিত দিবারাত্রির টেস্ট। ইডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। এটাই হবে দুই দলের প্রথম দিবারাত্রির টেস্ট। প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ।
এই ইডেন টেস্টকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।
২০০০ সালের নভেম্বরে দেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটায় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। দলটির অধিনায়কও আবার ছিলেন এই গাঙ্গুলি। ইডেন টেস্ট দেখতে সেই ম্যাচে খেলা দুই দলের সবাইকে আমন্ত্রণ জানাবে বিসিসিআই। ম্যাচ শেষে তাদের দেওয়া হবে সংবর্ধনা। শোনা যাচ্ছে, এই টেস্ট দিয়েই ধারাভাষ্য কক্ষে অভিষেক হবে মহেন্দ্র সিং ধোনির।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। এর মধ্যে প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হারতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।