গাজায় ইসরাইলের হামলায় ইসলামিক জিহাদ নেতা নিহত

রয়টার্স, আলজাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার মধ্যরাতে ইসরাইলের বিমান হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ এক কমান্ডার নিহত হয়েছেন। এতে তার স্ত্রীও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো দুই জন। ইসলামিক জিহাদের পক্ষ থেকে ঐ হামলায় তাদের নেতা বাহা আবু আল আত্তার (৪২) নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

ইসরাইল দাবি করেছে, নিহত আবু আল আত্তা সীমান্তের অপর পাশে ইসরাইলি ভূখণ্ডে ধারাবাহিক হামলার জন্য দায়ী এবং তিনি আরো হামলার পরিকল্পনা করছিলেন। ঐদিন ভোররাতে গাজা নগরীর শেজাইয়া এলাকায় আত্তার বাড়িতে হামলা চালানো হয় এবং সেখানেই তিনি নিহত হন। ইসরাইলি বাহিনীর ছোড়া বোমায় তার বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হয়। এর কিছুক্ষণ পর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে এক পশলা রকেট হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাত্ক্ষণিকভাবে ইসরাইলের দিক থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইলি পুলিশ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে তারা গাজা প্রান্তের কিছু সড়ক বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমতি পাওয়ার পর আল আত্তার বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। সম্প্রতি ইসরাইলে চালানো রকেট, ড্রোন ও স্নাইপার হামলার জন্য আল আত্তাকে দায়ী করা হয়।