ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাতলার আইট গ্রাম থেকে চোরাচালানকৃত ২’শ ১৬ টি সোনার আংটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আংটিগুলোর বর্তমান বাজারমূল্য অন্তত ৩০ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে এ আংটিগুলো উদ্ধার করা হয়।
বিজিবি’র খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, বিজিবি গোপন সূত্রে খবর পায় যে ভারত থেকে একটি স্বর্ণালংকারের চালান বাংলাদেশে ঢুকবে।
এ খবরের ভিত্তিতে দুপুর একটার দিকে এক ব্যক্তিকে ৬০/২৭ আর সীমান্ত পিলারের পাশ দিয়ে ব্যাগ হাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি’র টহল দল। জিরো লাইন থেকে সাড়ে ৩’শ গজ বাংলাদেশের ভিতরে ঢুকলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি ।
আরও পড়ুন: এসপি হারুনের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট
এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ২’শ ১৬ পিস সোনার আংটি পাওয়া যায়। যার ওজন ৬১২ দশমিক ২২ গ্রাম। উদ্ধারকৃত আংটিগুলো সন্ধ্যায় ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ইত্তেফাক/এসইউ