নাটোর প্রতিনিধি
১ লাখ ৬৩ হাজার টন আখ মাড়াই করে ১৩ হাজার টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নাটোর সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
৩৬তম আখ মাড়াই মৌসুম সফল করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রুস্তম আলী জানান, চিনিকল এলাকার আখচাষিদের প্রণোদনা প্রদান করতে ৫ কোটি ৪৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এই ঋণের অর্থে ৫ হাজার ২৭৮ জন কৃষক তাদের জমিতে আখ উত্পাদনে বীজ ও সার সংগ্রহ করেছেন এবং জমিতে সেচ দিয়েছেন। চিনিকলে কৃষকদের বিক্রয়লব্ধ আখের মূল্য থেকে এই ঋণের অর্থ সমন্বয় করা হবে।
নাটোর চিনিকল এলাকায় চলতি মৌসুমে ১৪ হাজার ১৫৩ একর জমিতে ২ লাখ ৫৪ হাজার টন আখ উত্পাদিত হয়েছে। চিনিকলের আটটি সাব-জোনের ৫১টি সেন্টারের অধীন কৃষকদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্পন্ন আখ চিনিকলে সরবরাহের জন্য অনুরোধ জানিয়ে প্রচারণা চালানো হয়েছে। এদিকে, অবৈধ পাওয়ার ক্রাশার বন্ধে চিনিকল কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের তিনটি অভিযান পরিচালনা করে।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান বলেন, সরকারের ভারী এই শিল্পকে বাঁচাতে এলাকায় পাওয়ার ক্রাশার বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল হক লক্ষ্যমাত্রা অনুযায়ী আখের সরবরাহ পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আসন্ন মৌসুমে চিনিকল উত্পাদনের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে।