কারমাইকেল কলেজের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, রংপুর

১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রংপুরের কারমাইকেল কলেজ। উত্তর বাংলার অক্সফোর্ডখ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠান ব্রিটিশ শাসন, পাকিস্তানের শোষণ আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দেখেছে।

১৯১৬ সালের ১০ নভেম্বর কারমাইকেল কলেজ যাত্রা শুরু করে। তত্কালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই ঐতিহাসিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই কলেজের নামকরণ হয় কারমাইকেল কলেজ।

কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. মো. শেখ আনোয়ার হোসেন, শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অর্থনীতি বিভাগের প্রধান বিমল চন্দ্র, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক রেজওয়ান আহমেদ সৌধ, ছাত্রনেতা মারুফ হুসাইন, ফাহিম ও প্রান্তসহ অন্যরা।