বান্দরবানে কঠিন চীবর দানোত্সব সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বৌদ্ধ ধর্মীয়গুরু ভিক্ষুদের ছোয়াইং দেওয়ার মাধ্যমে কঠিন চীবর দানোত্সব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উত্সবের শেষদিনে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু সারিবদ্ধভাবে লাইন ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছ থেকে পিণ্ড গ্রহণে বের হন। বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবান শহরের পাহাড়ি অধ্যুষিত মধ্যমপাড়া-উজানীপাড়া, জাদীপাড়া হয়ে ঘুরে ঘুরে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষদের কাছ থেকে ছোয়াইং, পিণ্ড এবং চীবর দানের অর্থ গ্রহণ করেন। অনুষ্ঠানে অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তি।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানায়, তিন মাস বর্ষাবাসের (উপুস) থাকার পর ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পাহাড়ের বৌদ্ধ বিহারগুলোতে কঠিন চীবর দানোত্সব পালন করে।