মরমি সাধক রাধারমণ দত্ত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে লোক ঐতিহ্যের ধারক উপ-মহাদেশের প্রখ্যাত মরমি সাধক কবি রাধারমণ দত্তের ১০৪তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে সোমবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাধারমণ দত্তের জন্মস্থান জগন্নাথপুর উপজেলার পৌর শহরের কেশবপুরে স্থানীয় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ইউএনও মাহফুজুল আলম মাসুম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, মরমি সাধক কবি রাধারমণ দত্তের ইতিহাস তুলে ধরে কেশবপুরে রাধারমণ কমপ্লেক্সের নির্মাণ কাজ শিঘ্রই শুরু হবে। পরে রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে রাধারমণ দত্তের রচিত গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পী।