সাতকানিয়ায় সাত বসতঘর ভস্মীভূত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে সাত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আলীর বাপের বাড়ি এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ আইয়ুবের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন—মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইউসুফ, আলী আহমদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হোসেন, বেলাল উদ্দিন ও আহমদ ছফা।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মারুফ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ার সর্বাত্মক চেষ্টা করি।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন, স্বর্ণ ও নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তছলিমা আক্তার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিনশেড ও সেমিপাকা বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু তদন্ত করে বলতে পারব।

 অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।