মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী আজ

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী আজ।

১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর এখানেই এই মনীষীকে সমাহিত করা হয়।

দিবসটি উপলক্ষ্যে মীরের সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বাংলা একাডেমি দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মীর মশাররফ হোসেনের একক গ্রন্থমেলা।

বাংলার একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সচিব মোহাম্মাদ আনোয়ার হোসেন ও একক বক্তা থাকবেন লেখক ও গবেষক ড. ইসরাইল খান।