বরিশালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক প্রদান

ঘূর্ণিঝড় বুলবুল

বরিশাল অফিস

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার তালতলী এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সদর উপজেলার রায়পাশা কড়াপুর ও চরবাড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন ও প্রতি পরিবারকে ৬ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়।  এ সময় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, বরিশালে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সেভাবে ত্রাণ দেওয়া হবে। এজন্য পর্যাপ্ত ত্রাণ ও অর্থ বরাদ্দ থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসন।

খাসজমি ভূমিহীনদের দেওয়ার দাবিতে

বরিশালে মানববন্ধন

খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষানি সভা বরিশাল শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হালিম মোহরী, জেলা কিষাণি সভার সভানেত্রী রেহানা বেগম মিতু বেগম, রেণু বেগম, ইউসুফ আকন প্রমুখ। বক্তারা প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।