বকুলতলা প্রাথমিক বিদ্যালয়
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় বিদ্যালয়ের ইট বহনের সময় দোতলা থেকে পড়ে এক ছাত্রের হাত ভেঙে গেছে। ৫২ নম্বর বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৫ম শ্রেণির ছাত্র মারুফকে রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিত্সাধীন ছাত্র মারুফ জানায়, দুপুরে প্রধানশিক্ষক নাসির উদ্দিন মুক্তা অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাকেও বিদ্যালয়ে স্তূপ করে রাখা ইট দোতলার ছাদে উঠাতে বলেন। তখন সে সহপাঠীদের সঙ্গে ছাদে ইট বহন করে। একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে তার ডান হাত ভাঙে এবং হাঁটু থেতলে যায়। পরে তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারুফের মা মাসুরা বেগম বলেন, আর কয়েক দিন পরেই তার ছেলের প্রাথমিক সমাপনী পরীক্ষা। বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের দিয়ে ঝাড়ু দেওয়া, পানি আনা, বিস্কুটের কার্টন গাড়ি থেকে নামানোসহ বিভিন্ন যাবতীয় কাজ করান বলে অভিযোগ করেন তিনি। ছেলের সুচিকিত্সা ও ঘটনার বিচার দাবি করেন মারুফের মা।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক নাসির উদ্দিন মুক্তা জানান, তিনি মারুফকে ইট বহনের কথা বলেননি। সে নিজেই ইট তুলতে গিয়ে পা ফসকে পড়ে যায় এবং তিনি নিজে তাকে হাসপাতালে নিয়ে আসেন। শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, তিনি হাসপাতালে চিকিত্সাধীন মারুফের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে ঐ স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।