মূল্য সংবেদনশীল তথ্যে ভুলের দায়ে ডিএসইর কর্মকর্তা বরখাস্ত

 ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) আর্থিক অবস্থার ভুল তথ্য প্রকাশ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর ওয়েবসাইটে এসিআইর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ভুল আর্থিক হিসাব প্রকাশ করা হয়। এ কারণে সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ভুলটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার লেনদেন শুরুর আগে এসিআইয়ের প্রথম প্রান্তিকে সাবসিডিয়ারি কোম্পানিসহ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে পাঁচ টাকা ১৯ পয়সার তথ্য প্রকাশ করা হয়। অথচ প্রকৃত তথ্য এই প্রান্তিকে সাবসিডিয়ারি কোম্পানিসহ এসিআইর শেয়ারপ্রতি লোকসান হয়েছে পাঁচ টাকা ৯৯ পয়সা। বড়ো ধরনের লোকসানকে বড়ো মুনাফা আকারে প্রকাশ করায় কোম্পানিটির শেয়ারের দাম লেনদেনের শুরুতেই বেড়ে যায়।  লেনদেন শুরুর ২২ মিনিট পর তথ্য সংশোধন করা হয়। এই সংশোধনী দেওয়ার পর কোম্পানির শেয়ারের দাম কমতে থাকে। ডিএসইর সূত্রটি বলছে, ভুল তথ্য প্রকাশের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট অপারেশন্স ডিপার্টমেন্টের প্রধান সায়িদ মাহমুদ জুবায়েরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।