দুই গ্রুপের সংঘর্ষের কারণে হতে পারেনি লালদীঘির ময়দানে গতকাল মঙ্গলবার বিকালে আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। গতকাল বিকালে সভার এক পর্যায়ে উত্তেজনার মধ্য দিয়ে মারামারির সূত্রপাত হলে এক কাউন্সিলরসহ প্রায় ১০ জন আহত হয়েছে বলে কোতোয়ালী থানা পুলিশ সূত্র জানায়।
সমাবেশে অংশগ্রহণকারী কয়েকটি সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হলে সমাবেশস্থলে পৃথক মিছিল নিয়ে আসেন মহানগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন চৌধুরী ও যুবলীগ নেতা কাউন্সিলর মোবারক আলীর অনুসারীরা। সমাবেশস্থলে ঢোকার সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এরই সূত্র ধরে সমাবেশের মাঝখানে দুই গ্রুপ হঠাত্ চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। তারা পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে হামলা-পালটা হামলা চালায়। যুবলীগের একটি সূত্র জানায়, এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশৃঙ্খলার কারণে তিনি এক পর্যায়ে সমাবেশস্থল ত্যাগ করেন।
পুলিশ সূত্র জানায়, বিশৃঙ্খলা ঠেকাতে এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে। ফলে সংঘর্ষকারীরা দুই দিকে সরে যায়।