পালিয়ে মেক্সিকোতে আশ্রয় নিলেন বলিভিয়ার পদত্যাগী প্রেসিডেন্ট

দেশে থেকে পালিয়ে মেক্সিকোতে আশ্রয় নিয়েছেন বলিভিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস। মেক্সিকো সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে। সোমবার রাতে নিজের সমর্থকদের শহর থেকে মেক্সিকোর একটি বিমানে দেশ ছাড়েন মোরালেস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ অন্যদের জন্য সতর্কবার্তা। খবর রয়টার্সের

গত মাসের নির্বাচনে কারচুপি এবং এটাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে রবিবার পদত্যাগে বাধ্য হন বলিভিয়ার প্রথম নৃতাত্ত্বিক প্রেসিডেন্ট মোরালেস। জানা গেছে, সোমবার রাতে চিমোর শহর থেকে মেক্সিকোতে আসা একটি বিমানে ওঠেন মোরালেস। ওই শহরে তার সমর্থকই বেশি। এক টুইটার বার্তায় মোরালেস দেশ ছাড়ার কথা জানিয়েছেন। তবে আরো শক্তি নিয়ে দেশে ফিরবেন বলে অঙ্গীকার করেছেন তিনি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড টুইটার বার্তায় জানান, মোরালেস নিরাপদ যাত্রার জন্য তাদের পাঠানো বিমানে মেক্সিকোতে আসছেন। মোরালেসের দেশ ছাড়ার খবরে সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন পুলিশের সঙ্গে রাস্তায় টহল দিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

নির্বাচনে কারচুপির বিষয়ে অভিযোগ ওঠার পর থেকে গত কয়েক সপ্তাহে বলিভিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। নির্বাচনের রাতে কোনো ব্যাখ্যা ছাড়া ২৪ ঘন্টার জন্য ভোট গণনা বন্ধ রাখায় প্রথম উত্তেজনা তৈরি হয়। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ইভো মোরালেস এককভাবে বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোট পেয়েছেন।