অমি হত্যার প্রতিবাদে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা শেরপুরের নালিতাবাড়ী শহরের শাহীন স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আকিব ইসলাম খান অমি হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে এ মানববন্ধনে অংশ নেয়।
গত ২ নভেম্বর শনিবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় নালিতাবাড়ি শহরের পূর্ব কালিনগর মহল্লার আব্দুর রউফ খানের ছেলে অমি। পরে ৬ নভেম্বর বুধবার দুপুরে একটি ধানখেত থেকে তার অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তিপণের লোভে অমিকে কৌশলে ডেকে নিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৫ ব্যাচের শিক্ষার্থী গোলাম জেনিথের ছোটো ভাই অমির নৃশংস হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেকৃবি সাধারণ শিক্ষার্থীবৃন্দ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন শেকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেকেন্দার আলী, ট্রেজারার আনুয়ারুল হক বেগ এবং সহকারী প্রক্টর রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মিজানু রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা। -প্রেস বিজ্ঞপ্তি