নোবিপ্রবিতে ১৬ শিক্ষার্থী বহিষ্কার ১৯ জনকে জরিমানা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহিদ আবদুস সালাম হলে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকায় ১৬ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার, সাত জনকে ২০ হাজার টাকা ও ১২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নোবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ২৬ সেপ্টেবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভার সুপারিশক্রমে ৯ নভেম্বর রিজেন্ট বোর্ডের বিশেষ সভার অনুমোদনক্রমে ছাত্রদের মধ্যে সংঘটিত মারামারি ও ভাষাশহিদ আবদুস সালাম হলে ভাঙচুরের ঘটনায় ১৬ ছাত্রকে বহিষ্কার ও ১৯ জনকে জরিমানা  এবং সতর্ক করা  হয়েছে।

ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন— রবিউল হক চৌধুরী, মো. জহিরুল ইসলাম, মো. আবদুর রহিম সিয়াম, জাহিদ হাসান শুভ, কাজী আশরাফুল হক লিসান, ইয়াসিন আরাফাত তারেক, মো. শফিউর রহমান অন্তর, মো. সাইফুল্লাহ সনি, অর্ণব সরকার, মো. তৌহিদুল ইসলাম, মো. আল ইমরান, আবদুল্যাহ আল মাসুদ, ওমর ফারুক, মো. মিরাজ মাহতাব, আবদুল্লাহ আল নোমান ও কে এস এম সায়েম। এছাড়া মো. মুহাইমিনুল ইসলাম নুহাশ, মাহবুবুর রহমান চৌধুরী, জাহিদ হাসান শুভ, হাসানুজ্জামান বিপ্লব, আতাউল করিম রনি, শাফকাত আবির ও আবদুল্লাহ আল নোমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে মো. আবদুর রহমান শিহাব, কাজী মাহমুদুর রহমান রাহিম, আবদুল্লাহ আল মাহদি, মো. আল-আমিন, মো. শাকিল মোস্তফা মানিক, ইয়াছিন আরাফাত, আক্তারুজ্জামান জিসান, মো. আলি, মো. জুবায়ের আহমেদ জনি, কামরুল হাসান, আরফানুল হক ও মো. এহতেশামুল হক শুভ।