মস্তিষ্কের সমস্যা নিয়ে জিমি কার্টার হাসপাতালে ভর্তি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধ্যায় আটলান্টা অঙ্গরাজ্যের ইমোরি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল সফলভাবে ব্রেন অপারেশন হয় বলে চিকিত্সকরা জানিয়েছেন। তাকে আরো কয়েকদিন পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে হবে। আমেরিকার সবচেয়ে দীর্ঘজীবী (৯৫) এই প্রেসিডেন্ট সম্প্রতি একাধিকবার পড়ে গেলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে তার মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়েছে। ওই চাপ নিঃসরণের জন্যই হাসপাতালে ভর্তি হন তিনি। কার্টার সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কার্টার বিশ্রাম করছেন। স্ত্রী রোজালিন তার সঙ্গে আছেন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডেমোক্র্যাট। —রয়টার্স