দুই দিন বিরতির পর ফের জাবিতে আন্দোলন

দুই দিন বিরতির পর আবারও আন্দোলন শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ ও হামলার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে সংহতি সমাবেশ করেছে আন্দোলনকারীরা। শাখা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয় ও বাইরের বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এই প্রকল্প যখন অনুমোদন হয় তখন থেকেই এখানে দুর্নীতি শুরু হয়েছে। ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ার মধ্যেই মূল দুর্নীতি ছিল। গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘উপাচার্য! আপনি অবিলম্বে পদত্যাগ করুন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয় ত্যাগ করার আগে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ছাত্রলীগের হামলাকে গণঅভ্যুত্থান বলে জাবি উপাচার্য ৬৯ এর গণঅভ্যুত্থানের অবমাননা করেছেন। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সদস্য আ ক ম জহিরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সভাপতি মোস্তফা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল খালেক তালুকদার, জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য মহব্বত হোসেন খান, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক বজলুল রশিদ ফিরোজ, ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা প্রমুখ।