রাজশাহীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

রাজশাহীর চারঘাটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শলুয়া ইউপির ফতেপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং স্বামী তুফান শেখ ওরফে ভোবেশকে আটক করে। বুধবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভোবেশ মন্ডলপাড়ার আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, প্রায় ১৯ বছর আগে ফতেপুর গ্রামের সিরাজ আলীর মেয়ে নাসিমার সঙ্গে তুফান শেখ ওরফে ভোবেশের বিয়ে হয়। এ দম্পতির ২টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রয়েছে।

নাসিমার পিতা জানান, তার জামাই ভোবেশ দিনমজুর হলেও মেয়ে নাসিমার সংসার ভালোই চলছিল। তবে প্রায় ৩/৪ বছর থেকে অভাবে পড়ে। এ কারণে কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়। কিন্তু তারা ঋণের কিস্তির টাকা দিতে হিমশিম খাচ্ছিল। ওই কিস্তিই তার মেয়ে নাসিমার জীবনের কাল হয়েছে। মঙ্গলবার দুপুরে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে ভোবেশ তার স্ত্রী নাসিমাকে পিটিয়ে আহত করার পর গলায় ডিস লাইনের তার পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ ঘরের ধন্নার সঙ্গে ঝুলিয়ে রাখে। 

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং স্বামী ভোবেশকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সিরাজ আলী বাদী হয়ে ভোবেশকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চারঘাট থানার ওসি সুমিত কুমার কুন্ডু জানান, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি