ধানক্ষেতে বৈদ্যুতিক তারের ফাঁদে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কক্সবাজার সদর উপজেলায় ধানক্ষেতে বসানো বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে আয়াতুল্লাহ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কখন তার মৃত্যু হয়েছে কেউ জানাতে পারেনি। 

আয়াতউল্লাহ সদরের ইসলামপুর ইউনিয়নের কৈলাসেরঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে। সে ২ সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়াতউল্লাহ বিদেশ যাওয়ার প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির উদ্দেশে ঢাকা থেকে গাড়িতে উঠে। চকরিয়া পর্যন্ত পৌঁছে জানতে পারেন তার শাশুড়ি অসুস্থ। এরপর বুধবার ভোরে ইসলামাবাদের গজালিয়া গ্রামে শ্বশুর মমতাজ আহমদের বাসার উদ্দেশে যান। এ সময় শ্বশুর বাড়ির পাশাপাশি শাহ আলম ও তার ছেলে নুরুল আমিন বন্যপ্রাণী থেকে ধান রক্ষায় অবৈধভাবে জিআই তারের মাধ্যমে বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আয়াতউল্লাহ। 

আরও পড়ুন: বেনাপোলে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে কৃষকের পাতানো বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এএএম