খান মোহাম্মদ খালেদ
টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে গত ২৬ অক্টোবর ৪র্থ আবৃত্তি উত্সব অনুষ্ঠিত হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও শিশুদের আবৃত্তি উপভোগ করতে উইজডম ভ্যালির মাঠ পুরিপূর্ণ হয়ে যায় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীর পদচারণায়।
একইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উইজডম ভ্যালির বিভিন্ন শ্রেণির ১৩১ জন ছাত্রছাত্রী কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। জাতীয় সংগীত ও বিদ্যালয় সংগীত দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। তারপর প্রতিযোগিতা উদ্বোধন করেন উইজডম ভ্যালির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন। বিকেল ৩টার দিকে শুরু হয় আবৃত্তি উত্সব। এ পর্বে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল পৌরসভা মেয়র শহীদুজ্জামান শহীদ, ভূয়াপুর ইব্রাহিম খাঁ কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শংকর দাশ। এ সময় ভূয়াপুরের শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যাপক আলী রেজা, উইজডম ভ্যালি পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক, পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার, কবি ও সাংবাদিক অরণ্য ইমতিয়াজ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উত্সবকে প্রাণবন্ত করতে শিশুদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকবৃন্দও আবৃত্তি করেন। সন্ধ্যা পর্যন্ত চলে এ উত্সব।