কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন পূর্বপাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমারের ৫০ হাজার মুদ্রা ও গাঁজাসহ লক্ষ্মীপুরের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। এ সময় মিয়ানমারের সীমসহ ২টি মুঠোফোনও জব্দ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।
আটক মো. রুবেল (২৭) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার হাজির পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পূর্বপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেলকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মিয়ানমারের ৫০ হাজার মুদ্রা জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক জানায়, গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
আরও পড়ুন: কলারোয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম