সাকিব-তামিম ছাড়া লড়াই

স্পোর্টস রিপোর্টার

সাকিব আল হাসানের টেস্ট অভিষেক ২০০৭ সালে। আর তামিম ইকবালের টেস্ট যাত্রা শুরু ২০০৮ সালে। সাকিব শুরু করার পর থেকে ১২ বছর পার হয়ে গেছে। এই সময়ে সাকিব বা তামিম কেউ কখনো ফর্মের জন্য টেস্ট দল থেকে বাদ পড়বেন, এমন সম্ভাবনাও তৈরি হয়নি। ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে দুই জন মাঝে মাঝে কিছু ম্যাচ মিস করেছেন। কিন্তু দুই জনই নেই; এমন পরিস্থিতি তৈরি হয়েছে খুব কম।

সাকিব-তামিম দুই জনকে ছাড়া ২০০৭ সালের পর এই নিয়ে মাত্র পঞ্চমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই মাঠে নামাটা হতে যাচ্ছে ভারতের বিপক্ষে। ফলে বাংলাদেশ দলের জন্য কাজটা খুব কঠিন, তাতে সন্দেহ নেই। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বললেন, এই দুই জন না থাকা মানে, তিন জনের ঘাটতি। তারপরও সেই ঘাটতিটা পুষিয়ে নিতে চান মুমিনুল।

সাকিব আল হাসান না থাকায় দল সেরা ব্যাটসম্যান, সেরা বোলারকে পাচ্ছে না। পাশাপাশি পাচ্ছে না নিয়মিত অধিনায়ককেই। তাই এই ম্যাচে অধিনায়কত্ব করতে হবে মুমিনুলকে। ভারপ্রাপ্ত এই অধিনায়ক বলছেন, সাকিব ও তামিমকে ছাড়া খেলাটা খুব কঠিন একটা কাজ হবে, ‘আমার মনে হয় দুই জনের জায়গায় ঐখানে তিনজন খেলোয়াড় নাই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন, সাথে নাই তামিম ভাইও। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে। তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে।’

২০০৭ সালের পর বাংলাদেশ প্রথম সাকিব ও তামিমকে ছাড়া খেলতে নেমেছিল ২০১৩ সালে; প্রায় ৬ বছর তাদের দুই জনকেই ছাড়া ম্যাচ দেখতে হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সেই গল টেস্ট অবশ্য প্রেরণা হতে পারে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্ট ড্র করেছিল তারা। এরপর টানা চার বছর দুই জনই একসাথে আর কখনো ম্যাচ মিস করেননি। ২০১৭ সালে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইন টেস্টে খেলতে পারেননি তারা দুই জনের কেউ। এরপর গত বছর দুই জনই আঙুলের ইনজুরিতে ভুগছিলেন। সেই সময় জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলতে হয়েছিল বাংলাদেশকে সাকিব-তামিম ছাড়া।

আবার সেই দিন ফিরে এলো। অবশ্য মুমিনুল বলছেন, তাদের দুই জনকে নিয়ে পড়ে থাকলে চলবে না। এখন যারা দলে আছেন, তারা সবাই ভালো করার জন্য মুখিয়ে আছেন। তাদের নিয়েই ভালো করতে আগ্রহী অধিনায়ক, ‘এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে। টেস্ট চ্যাম্পিয়নশিপকে সবাই একটা সুযোগ হিসেবে দেখছে। সবাই সেভাবে উদ্গ্রীব হয়ে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু সেটাও ভারতের বিপক্ষে। সবাই পারফরম করার জন্য উদ্গ্রীব আছে।’