কোহলির হুমকি

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর থেকে

সংবাদ সম্মেলন তখন শেষ পর্যায়ে, এক বাংলাভাষী ভারতীয় সাংবাদিকের প্রশ্নে হেসে দেন মুমিনুল হক। ইন্দোর টেস্টে বাংলাদেশের একাদশে মুস্তাফিজুর রহমান থাকছেন কিনা, তার নিশ্চয়তাই প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন ঐ সাংবাদিক।

একাদশের কথা ম্যাচের আগেরদিন আগে বলতে হবে, এমন প্রশ্ন শুনেই কিনা একগাল হেসে নিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। উত্তরে বলেছেন, ‘না আমরা এখনো একাদশ নিয়ে কোনো কথা বলিনি। এখনো দল নির্বাচন করা হয়নি। কালকে (আজ) খেললে হয়তো জানতে পারবেন।’

ভারতীয় ঐ সাংবাদিকদের প্রশ্নের যথাযথ কারণও রয়েছে। মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও। যেখানে হাল সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান অনেক সম্মান, সমীহ করেছেন কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসারকে। কিন্তু বাস্তবতা হলো, বেশ কিছুদিন ধরে মুস্তাফিজের কাটারের ধার কমে যাচ্ছে। ২২ গজে তার কাটারের ধারে কাটছে না ব্যাটসম্যানদের উইকেটের প্রাণপাখি।

তিন ম্যাচের টি-২০ সিরিজে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। বল হাতে ৯.৪ ওভারে দিয়েছেন ৯২ রান। বোলিংয়ে এই তরুণের বিবর্ণ রূপ বাংলাদেশের জন্য অবশ্যই ভাবনার কারণ। ফর্মহীন হয়তো তাই আর ইন্দোর টেস্টের একাদশ নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ভাবনায় নেই। গতকাল নেটে অনুশীলনে তিনি বোলিং করতেও এসেছেন শেষ দিকে। পেসারদের মধ্যে এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেনরা আগে বোলিং করেছেন।

গতকাল দল সূত্রেও জানা গেছে, মুস্তাফিজকে বাইরে রেখেই ইন্দোর টেস্টে গঠন করা হচ্ছে বাংলাদেশের একাদশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোর পরিকল্পনাতে সাদা পোশাকের ক্রিকেটে এই বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা খুবই কম। কারণ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের আগেও ডমিঙ্গো বলেছিলেন, মুস্তাফিজ হোয়াইট বল ক্রিকেটার।

ইন্দোরে মুস্তাফিজের মতো বাঁহাতি পেসারকে খেলা কঠিন হবে কিনা জানতে চাইলে গতকাল ভারতীয় অধিনায়ক বলেছিলেন, ‘সে খুব ভালো একজন বোলার। সে লাল বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

স্বাগতিকদের জন্য মুস্তাফিজ হুমকি হবেন বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই তবে আমাদের এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে। সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সে অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে ওর বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।’  

র্যাংকিংয়ের এক নম্বর দল হলেও উপমহাদেশের দল বাংলাদেশকে সমীহ করছেন ভারতীয় অধিনায়ক। কোহলি বলেছেন, ‘ওরা একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা জানি, ওরা নিজেদের গেম প্ল্যানটা জানে, ওরা জানে কী করতে হবে। ফল পেতে আমাদের ভালো খেলতে হবে, যেমনটা আগের প্রতিটা ম্যাচে খেলেছি। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। যখন ওরা ভালো খেলে তখন খুব চৌকষ দল হয়ে ওঠে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রেখে এগোব।’