মদ্রিচ এবার ‘গোল্ডেন ফুট’ জয়ী

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে জায়গা নড়বড়ে হয়ে যাওয়া মিডফিল্ডার লুকা মদ্রিচ এবার ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতলেন।

মোনাকোর যুবরাজ আলবার্টের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই ২৯ ছাড়িয়ে যাওয়া সফল খেলোয়াড়দের এ পুরস্কারটি দেওয়া হয়। সারা বিশ্বের বাছাই করা গণমাধ্যমগুলোর প্রতিনিধিদের নিয়ে গড়া জুরিরা খেলোয়াড়দের একটি তালিকা প্রণয়ন করেন। এরপর অনলাইনে ভোটাভুটিতে বিজয়ী ঠিক হয়। ক্রোয়েশিয়টি হলেন এ পুরস্কার জয়ী ১৭তম খেলোয়াড়। ২০০৩ সালে প্রথম পুরস্কারটি প্রবর্তনের পর এটি জেতেন রবার্তো ব্যাজিও। সেসময় তিনি খেলতেন ইতালির ব্রেসসিয়া ক্লাবে। মদ্রিচ মোনাকোয় ‘গোল্ডেন ফুট’ গ্রহণের পর বলেন, ‘এই পুরস্কারটি গ্রহণ করা আমার জন্য সম্মানের। আমি আমার সেরা অবস্থানে ফিরতে চলেছি। বিশেষ করে সেটা আমি দেখিয়েছি শেষ খেলায় (এইবার এর বিরুদ্ধে)। বছর শেষ হওয়ার আগে সাতটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং আমরা ভালো খেলে যাওয়ার চেষ্টা চালাব।’ বিশ্বকাপের সেরা ফুটবলার মদ্রিচ রিয়ালের হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারেও অনেক ট্রফি জিতেছেন। এগুলোর মধ্যে আছে চারবার করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ, তিনবার উয়েফা সুপার কাপ, একটি করে লা লিগা ও কোপা ডেল রে শিরোপা এবং দুটি স্প্যানিশ সুপার কাপ।

আগের জয়ীরা

২০০৩       রবার্তো ব্যাজিও

২০০৪       পাভেল নেদভেদ

২০০৫       আন্দ্রেই শেভচেংকো

২০০৬       রোনাল্ডো

২০০৭       দেল পিয়েরো

২০০৮       রবার্তো কার্লোস

২০০৯       রোনালদিনহো

২০১০       ফ্রান্সেসকো তোত্তি

২০১১        রায়ান গিগস

২০১২        জ্লাটান ইব্রাহিমোভিচ

২০১৩       দিদিয়ের দ্রগবা

২০১৪        আন্দ্রেস ইনিয়েস্তা

২০১৫       স্যামুয়েল ইতো

২০১৬       জিয়ানলুইজি বুফন

২০১৭       ইকার ক্যাসিয়াস

২০১৮       এডিসন কাভানি