ওমানের বিপক্ষে আজকে সবচেয়ে কঠিন ম্যাচ হবে

জামাল ভুঁইয়া

স্পোর্টস রিপোর্টার

অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, ‘আমাদের জন্য সবচেয়ে বড়ো সুবিধা হলো ওমানে এখানে প্রচুর বাংলাদেশি আছেন। মনে হচ্ছে দর্শক হবে ফিফটি ফিফটি। বাংলাদেশিরা আমাদেরকে সমর্থন দিবে এটা অবশ্যই বড়ো প্রেরণা।’ গতকাল দুপুরে ওমানে সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভুঁইয়া বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে আমরা বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছি আজকে সবচেয়ে কঠিন ম্যাচ হবে।’ অধিনায়ক বলেন, ‘আমাদের মূল টার্গেট হলো শুরুতে গোল হজম না করা। ভারতের বিপক্ষে যেমন আগে গোল দিয়েছিলাম, এবারও একই টার্গেট। আমি মনে করি যদি আগে আমরা গোল দিতে পারি তাহলে জয়ের সম্ভাবনাও আছে। জিততে না পারলেও ড্রও করতে পারি।’

ওমানে গিয়ে বাংলাদেশের অধিনায়ক ওমানের খেলোয়াড়দের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। কে কোথায় খেলে, সেখানের লিগের কি অবস্থা। জামাল বলেন, ‘ওমানের ম্যাচের ভিডিও দেখেছি। এক পয়েন্ট নিয়ে আসতে পারাটা অনেক বড়ো অর্জন হবে।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান কাতার এবং ওমানের মধ্যে কে এগিয়ে ? জামাল বলেন, ‘কাতারের মতোই ওমান। তারা কাতারের কাছে ২-১ গোলে হেরেছে। আমরা কাতারের কাছে (২-০) হারলেও ভালো খেলেছি। কলকাতার মাঠে ভারতের বিপক্ষে খেলে আটকে দিয়েছি। এই ড্রটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কঠিন দলে হলেও ওমানের বিপক্ষে সবকিছু উজাড় করে খেলব আমরা।’ বাংলাদেশের ই গ্রুপে রয়েছে ওমান, আফগানিস্তান, কাতার এবং ভারত। ওমান ২০১৭ সালে গালফ কাপ চ্যাম্পিয়ন আর বাংলাদেশ এখনো গত দিনটি সাফে সাফল্যের মুখও দেখছে না। তবে আশার কথা এবার বিশ্বকাপ বাছাইয়ে দারুণ খেলছে জাতীয় ফুটবল দল।