কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমায় নিহত ৭

রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আরো সাত জন আহত হয়েছেন বলে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

মঙ্গলবার তালেবানের হাতে বন্দি এক মার্কিন ও এক অস্ট্রেলীয় অধ্যাপকের বিনিময়ে দুই তালেবান কমান্ডার ও হাক্কানি গোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেওয়া হয়। এর পর দিনই রাজধানীতে গাড়ি বোমা হামলার এ ঘটনা ঘটল।

যদিও বন্দি বিনিময়ের মাধ্যমে আফগানিস্তানের সহিংসতা কিছুটা কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন কিছু বিশ্লেষক। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উত্খাত করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। এরই পরিপ্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। তবে কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে আলোচনায় ইতি টানার ঘোষণা দেন ট্রাম্প। এ ঘটনার পর থেকেই আফগানিস্তানে তালেবানের হামলা বেড়ে গেছে।