বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে আমন ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকদের মুখে। উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া ভালো হওয়ায় আমন ধানের ফলন ভালো হয়েছে।
চাংলা গ্রামের কৃষক আয়েন উদ্দীন, সামাদ, কোমারপুর গ্রামের আবুল কালাম, আজাহার আলী, সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের গোলাম মতুর্জা রেজা বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন খুব ভালো কিন্তু উত্পাদন খরচ হিসাবে বাজারে দাম না থাকায় আমরা হতাশ। কোলা গ্রামের আব্দুস সালাম বলেন, আমি নতুন ধান কাটা শুরু করেছি এবং ৮০০ টাকা দরে বাজারে বিক্রি করেছি। তারপরও খরচের টাকা উঠছে না।
উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, বদলগাছী উপজেলায় এবার ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং ফলনও খুব ভালো হয়েছে। আর কয়েক দিনের মধ্যে পুরোদমে কাটা মারা শুরু করবে কৃষকরা।