ফরিদপুরে দুই জেলের মৃত্যু

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

ফরিদপুরে মাছ ধরতে গিয়ে সুতি জালে আটকা পড়ে দুই জেলের মৃত্যু হয়েছে।

উপজেলার হাদল ইউনিয়নের মানানগ্রামের ১০/১২ জন জেলে প্রতিদিনের মতো মঙ্গলবার জলকা স্লুইসগেটের কাছে সুতি জাল লাগিয়ে মাছ ধরতে যায়। সুতি জাল ও স্লুইসগেটের সামনে অনেক কচুরিপানা জমা হয়ে মাছ ধরায় বিঘ্ন হয়। এ অবস্থায় কচুরিপানা পরিষ্কার করার জন্য বিকেলে পাঁচ জেলে স্লুইসগেটের নিচে নামে। এ সময় উপজেলার মানানগ্রামের ইসমাইল সরদারের ছেলে ইউসুফ সরদার এবং গোলজার প্রামাণিকের ছেলে হেলাল প্রামাণিক পানির প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া না গেলে ফরিদপুর ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে রাত ১০টার দিকে ইউসুফ সরদারের লাশ এবং ১টায় হেলাল প্রামাণিকের লাশ স্লুইসগেটের দরজার নিচ থেকে উদ্ধার করা হয়।