রাঙ্গার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন-বিক্ষোভ

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

শহীদ নূর হোসেন ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার দুপুরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা-রংপুর মহাসড়কের প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, আওয়ামী লীগ নেতা এরশারদ আলী প্রমুখ। বক্তাগণ জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ও সংসদ সদস্য পদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।