আয়কর মেলা শুরু আজ থেকে
ইত্তেফাক রিপোর্ট
শীর্ষ করদাতা হিসেবে ৬৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে সেরা করদাতার সম্মাননা। এর মধ্যে জাতীয়ভাবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে ট্যাক্স কার্ড আর জেলাব্যাপী দীর্ঘ সময় ধরে কর প্রদান ও শীর্ষ করদাতা হিসেবে আরো ৫২১ জনকে সম্মাননা সনদ। আজ দেশের বিভাগীয় জেলায় আনুষ্ঠানিকভাবে করদাতাদের হাতে এসব সম্মাননা তুলে দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিকে আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী, জেলায় চার দিন ও উপজেলায় দুই দিনব্যাপী এ কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলা আয়োজক সূত্র জানিয়েছে, রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়কর মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ দুপুরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সকাল ৯টা থেকেই মেলার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এনবিআর।
এরই মধ্যে আয়কর সম্মাননাপ্রাপ্ত করদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয়ভাবে ৩৬টি ক্যাটাগরিতে ‘ট্যাক্স কার্ড’প্রাপ্ত ১৪১ জনকে আজ সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন হোটেলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হবে। ঐ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, আমলাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, করদাতা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিত ৩৬টি ক্যাটাগরির মধ্যে রয়েছেন সিনিয়র সিটিজেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মহিলা, তরুণ, ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা/অভিনেত্রী, শিল্পী ও অন্যান্য। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংকিং ক্যাটাগরি, অব্যাংকিং আর্থিক খাত, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়া, ফার্ম, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি সংঘ ও অন্যান্য।
এদিকে আয়কর মেলা উপলক্ষ্যে আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষ্যে এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সাজানো হয়েছে। এবারের মেলায় অনলাইনে আয়কর পরিশোধ ব্যবস্থাকে সহজ করতে মোবাইল ফিন্যানসিয়াল সেবার (নগদ, রকেট, বিকাশ ইত্যাদি) প্রবর্তন করা হচ্ছে।