বৈষম্য দূর করতে ক্ষুদ্র উদ্যোগের উন্নয়ন জরুরি

পিকেএসএফের সেমিনারে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে উত্পাদনমুখী ক্ষুদ্র উদ্যোগসমূহের বৈচিত্র্যায়ন ও আধুনিকায়ন জরুরি। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। পিকেএসএফের উন্নয়ন মেলা-২০১৯-এর অংশ হিসেবে প্রমোটিং মাইক্রো এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ : কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড ফিউচার প্রসপেক্ট শীর্ষক সেমিনারটি আয়োজন করে পিকেএসএফ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগামী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে যা আজ বিশ্ব দরবারে উন্নয়নের আদর্শ মডেল হিসেবে আমাদের সুপরিচিত করেছে। গভর্নর ফজলে কবির বলেন, দেশব্যাপী নানা ধরনের ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করতে পারলে জনমিতিক লভ্যাংশের সুবিধা বাংলাদেশ গ্রহণ করতে পারবে। এই খাতের উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদের উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আব্দুস সাত্তার মণ্ডল।