শিল্প খাতে সিআইপি সম্মাননা পাচ্ছেন ৪৮ উদ্যোক্তা

ইত্তেফাক রিপোর্ট

দেশের শিল্প খাতে বড়ো অবদান রাখায় ২০১৭ সালের জন্য ৪৮ উদ্যোক্তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা সিআইপি—শিল্প হিসেবে নির্বাচন করেছে সরকার। আগামী ২০ নভেম্বর বুধবার তাদের আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হবে। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় এ সম্মাননা প্রদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিল্পসচিব মো. আবদুল হালিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পদাধিকারবলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ শিল্পোদ্যোক্তাদের ছয়টি সংগঠনের ছয় সভাপতিকে সম্মাননা দেওয়া হবে। এছাড়া উত্পাদন খাতের বৃহত্ শিল্প ক্যাটাগরিতে ১৫ জন, সেবা খাতে বৃহত্ শিল্পে পাঁচ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে উত্পাদন খাতে ৯ জন, সেবা খাতে তিন জন, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে উত্পাদন খাতে পাঁচ জন, সেবা খতে এক জন সিআইপি হিসেবে মনোনীত হয়েছেন। অন্যদিকে মাইক্রো ক্যাটাগরিতে দুই জন ও কুটির শিল্প ক্যাটাগরিতে দুই জন সিআইপি নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তাদের নাম প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সিআইপিরা বিভিন্ন নাগরিকসুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। বিশেষত সচিবালয়ে প্রবেশে বিশেষ পাশ; সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দাওয়াত; জল, স্থল, রেল ও বিমানযাত্রায় টিকিট এবং আসনপ্রাপ্তিতে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ ছাড়াও সরকারের কিছু নীতিনির্ধারণী সভায়ও উপস্থিত থাকার সুযোগ পান।

১৯৯৬ সাল থেকে সরকার শিল্প খাতে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে। শিল্পসচিব জানান, ২০১৪ সালে সিআইপি নির্বাচন নীতিমালা প্রণয়নের মাধ্যমে আরো স্বচ্ছ, গতিশীল ও যুগোপযোগী করা হয়। তিনি বলেন, স্থানীয় শিল্প খাতের গুণগত মানোন্নয়ন, শিল্পোদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ  ও সেতুবন্ধন তৈরিতে সহায়তার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এছাড়া ভোক্তাদের জন্য গুণগত মানসম্পন্ন পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান, আস্থার পরিবেশ তৈরি এবং শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উত্সাহ প্রদানও সিআইপি সম্মাননা প্রদানের অন্যতম উদ্দেশ্য।