আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন পাঠাতে হয়। ঐ আবেদন এলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই হত্যা মামলার বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সকল পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১২০ কার্যদিবসের মধ্যে মামলার বিচার শেষ করতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে আরো ১৫ কার্যদিবস পাবেন বিচারক। সেই হিসেবে ১৩৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
আইনমন্ত্রী বলেন, আবরার হত্যার চার্জশিট সিএমএম আদালতে দাখিল হয়েছে। এখন পলাতক আসামিদের হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আদালত। হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরুর জন্য গেজেট নোটিফিকেশনসহ কিছু প্রক্রিয়া সম্পন্ন হবে। এসব প্রক্রিয়া সম্পন্নের জন্য আইনে সময় বেঁধে দেয়া আছে। আমরা আইনি বাধ্যবাধকতা মেনেই যত দ্রুত বিচার করা যায়, তাই করা হবে।
তিনি বলেন, জনগণ চেয়েছে সেজন্য নুসরাত হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হয়েছে। এখন দায়িত্ব বর্তেছে আবরার হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে। এছাড়া আবরার হত্যা মামলাটি পরিচালনার জন্য আদালতে রাষ্ট্রপক্ষে একটি প্রসিকিউশন টিম কাজ করবে।