দুর্নীতির মামলায় সেলিম প্রধান সাত দিনের রিমান্ডে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত এক মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে গত ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর গত ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে ৩ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। কিন্তু ঐ দিন সেলিম প্রধান অসুস্থ থাকায় তা পিছিয়ে ১৩ নভেম্বর (বুধবার) ঠিক করেন। গতকাল সেলিম প্রধানকে কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি করা হয়। সেলিম প্রধানের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ এবং বিভিন্ন দেশের মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ঐ দিনই সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।