মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জনগণ কর দেন দেশের উন্নয়নের জন্য। একজন রিকশাওয়ালাও কর দেন, তবে ঐ কর দেন তিনি পরোক্ষভাবে। এ করের টাকা যেন সত্ভাবে ব্যয় হয় সেটা দেখতে হবে। কর দেওয়ার ব্যাপারে জনগণের মধ্যে ভীতি রয়েছে। আমরা যদি তাদের সঠিক ভাবে বোঝাতে পারি তবে তাদের সে ভয় কেটে যাবে। জনগণ কর দিতে আগ্রহী হবে।
মন্ত্রী বুধবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে কর অঞ্চল-গাজীপুর- এর উদ্যোগে সেরা করদাতাগণকে সম্মাননা প্রদান ও চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর অঞ্চল-গাজীপুরের কর কমিশনার মো. আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আযাদ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু প্রমুখ।